Logo
Logo
×

বিশেষ সংবাদ

সিদ্ধিরগঞ্জে অস্ত্র প্রবেশ করাচ্ছে কারা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ০৮:৪৩ পিএম

সিদ্ধিরগঞ্জে অস্ত্র প্রবেশ করাচ্ছে কারা
Swapno

 

সম্প্রতি সিদ্ধিরগঞ্জে দেয়া এমপি শামীম ওসমানের বক্তব্য নিয়ে তোলপাড় চলছে রাজনৈতিক অঙ্গনে। এতে জনমনে ভীতি তৈরি হয়েছে। তিনি দাবি করেছেন আসন্ন নির্বাচনকে ঘিরে সিদ্ধিরগঞ্জে অস্ত্র প্রবেশ করানো হচ্ছে। শামীম ওসমানের এই বক্তব্য শুধু রাজনৈতিক বক্তৃতা নাকি সত্যিকার অর্থেই এমন কিছু এনিয়ে জনমনে ভীতি তৈরি হয়েছে।

 

সিদ্ধিরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম শফিকের শোক সভায় গিয়ে সাংসদ শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান একই আসনের সাবেক এমপি জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনকে উদ্দেশ্য করে বলেন, সিদ্ধিরগঞ্জে এমন লোক আছে যিনি এক সময় আওয়ামী লীগ, তার পরে জাতীয় পার্টি, পরে আবার বিএনপি, আবার জাতীয় পার্টি, পরে আবারও বিএনপি করে।

 

এই ধরনের লোকদের রাজনৈতিক ভাষায় পলিটিক্যাল প্রস্টিটিউট বলা হয়। এদের কোন আদর্শ নেই। সাংসদ শামীম ওসমান হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন কিছু করবেন না যাতে আমাদের ধৈর্য্যের বাধ ভেঙ্গে যায়। আমরা জানি অনেকেই এই এলাকায় অনেক অস্ত্র প্রবেশ করাচ্ছে। অশান্তি সৃষ্টি করার জন্য অনেক কিছু বলছেন। একটা কথা বলে দিতে চাই আমি শামীম ওসমান এখানকার সংসদ সদস্য। ২০০১ সনের পরে আমরা কারো উপর কোন আঘাত করি নাই।

 

কেউ যদি মনে করেন আমাদের কোন নেতাকে ক্ষতি করার চেষ্টা করবেন তাহলে মনে রাখবেন আপনাদের মাটির তল থেকে না মাটির নিচ থেকে বের করে নিয়ে আসবো। আমার ভালো মানুষ এবং ভালো লোক দরকার। কোন আস্তান মাস্তান দরকার নাই। ভালো কাজ করতে গেলে ভালো মানুষ লাগে। যারা অনেক বড় বড় কথা বলছেন তাদের চ্যালেঞ্জ করে বলতে চাই বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন এবং তিনি আগামীতে থাকবেন। ২০২৪ সনের নির্বাচনে দেশের মানুষ আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ পরিচালনার জন্য দায়িত্ব দিবেন।


এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশে এবং দেশের বাহিরে সর্বত্র আলোচনায় থাকেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। আগামী নির্বাচন ঘিরে আওয়ামী লীগের এমপিদের প্রস্তুতি নেয়ার জন্য নির্দেশনা দিয়েছে ক্ষমতাসীন দলের দলীয় সভানেত্রী। কেননা আগামী নির্বাচন চ্যালেঞ্জের হবে বলে মনে করেন খোদ দলীয় নেতৃবৃন্দ। যদিও দেশের বিরোধী দল বিএনপি বরাবরই বলে আসছে এই সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না। তবে তারা নির্বাচনে আসবে ধরে নিয়েই আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

 

এই দিক দিয়ে গত বছর থেকে বলে আসছেন সাংসদ শামীম ওসমান মাঠে নামবেন। কিন্তু বিভিন্ন ইস্যুতে আলোচনায় আলোচিত হয়ে আমেরিকা থেকে ফিরে এসে গত ২৭ জুলাই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের শান্তি সমাবেশে নিজে নেতৃত্ব দিয়ে বিশাল শোডাউন করে তাক লাগিয়ে দেন। তাকে নিয়ে রাীতিমত আলোচনা তৈরী হয়। এছাড়া তিনি যেন আলোচনায় থাকতে পছন্দ করেন। তাই কখনো টেলিভিশনের টকশোতে, কখনো বিশাল শোডাউন করে, আবার কখনো বিশাল সমাবেশের মাধ্যমে আলোচনায় থাকেন।

 

নির্বাচন কমিশন সূত্রমতে, এই বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন হতে পারে। তারই ধারাবাহিকতায় অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষনা হতে পারে। এই দিক দিয়ে আগামী নির্বাচন অতি সন্নিকটে এসে কড়া নারছে।

 

এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান তার নির্বাচনী এলাকায় পুরো মাঠে নেমে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকীকে কেন্দ্র করে তার নির্বাচনী এলাকায় প্রতি দিন অর্ধশতাধিক সভা করে যাচ্ছে। ১৫ আগস্ট এ সিদ্ধিরগঞ্জ এলাকায় শতাধিক স্বরণ সভায় যোগদান করেন এই সাংসদ। তাকে পেয়ে নেতা কর্মীরাও উজ্জীবিত হন।

 

এছাড়া ১৬ আগস্ট ফতুল্লার কাশিপুর ইউনিয়নের ৬৫ টি স্থানে বঙ্গবন্ধুর স্বরণ সভায় অংশ গ্রহন করেন তিনি। গতকাল ফতুল্লার ইউনিয়নের শতাধিক স্থানে যোগদান করে বক্তব্য রাখেন সাংসদ শামীম ওসমান। এই ভাবে পুরো আগস্ট মাস তিনি তার নির্বাচনী এলাকার দলীয় নেতাদের নিয়ে ১৫ আগস্টকে কেন্দ্র করে মাঠ গরম করে কর্মীদের সক্রিয় করছেন।

 

এছাড়া দলের তৃনমুলের প্রবীন নেতাদের খোঁজ খবর নিচ্ছেন। আবার কোথাও বিএনপিকে উদ্দেশ্য করে গরম বক্তব্য দিচ্ছেন। এছাড়া দলীয় নেতা কর্মীদের ঐক্যের বার্তা দিচ্ছেন। যদিও অভিযোগ রয়েছে তার নির্বাচনী এলাকায় দলীয় নেতা কর্মীদের মাঝে গ্রুপিংয়ের পাশাপাশি অনৈক্য তৈরী হয়ে রয়েছে।  

 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আগামী নির্বাচনে যদি বিএনপি অংশ গ্রহন করেন তখন তার বিপক্ষে শক্তিশালী প্রার্থী হতে পারে জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন। এই নির্বাচন চ্যালেঞ্জের হতে পারে বলে মনে করেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তাই এই দিক দিয়ে দলীয় সভানেত্রীর নির্দেশনা মেনে সাংসদ শামীম ওসমান পিছিয়ে না থেকে তিনিও নির্বাচনের রোডম্যাপের প্রস্তুতি নিচ্ছেন।

 

সেই সাথে এই মাসে বঙ্গবন্ধুর স্বরণ সভাকে কেন্দ্র করে তার নির্বাচনী এলাকা ফতুল্লা সিদ্ধিরগঞ্জ এলাকায় মাঠে নেমে পুরোদমে দলীয় কর্মীদের নিয়ে স্বরণ সভা পালন করছেন। তবে সাংসদ শামীম ওসমান গত নির্বাচনের প্রচারনার সময় প্রতিটি এলাকার উঠান বৈঠকে গিয়ে বলেছেন, তিনি প্রতিটি এলাকার সমাজের কমিটির ভালো লোকদের নিয়ে বসবেন। এবারও একই কথা বলছেন। কিন্তু সমাজের ভালো লোকদের নিয়ে এই নেতার বসার সময় আর হয় না। তাই অনেকে বলে থাকেন তিনি নির্বাচনে প্রতিশ্রুতিই দিয়ে যান। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন