সাম্প্রদায়িক সম্প্রীতির শহর না.গঞ্জ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ০১:১৮ পিএম
কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জ জেলার ২২৪ টি মন্ডপে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত পূজামন্ডপগুলো নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে সমর্থ হয়েছিলেন দায়িত্বপ্রাপ্ত দপ্তর এবং পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ। ৫ দিনব্যাপী অনুষ্ঠিত হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার সবরকম আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে শেষ করতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সবাই।
বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের সময়টিতেও বঙ্গবন্ধু সড়ক ছিলো উৎসবমূখর। সড়কের উভয়পাশের ফুটপাতে পাকায় বসে ট্রাক ও ভ্যানগাড়িতে চলমান দেবীকে প্রণাম করেছেন হাজার হাজর নর-নারী। বাদ্য ও গানের তালে তালে কিশোর এবং যুবকদের উত্তালনৃত্য উপস্থিত আবালবৃদ্ধবনিতা সবাই আনন্দচিত্তে উপভোগ করেন। বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে এ আনন্দ উৎসব।
আবারো প্রমাণিত হলো, নারায়ণগঞ্জ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। সরকারি ঘোষণাকে সম্মান জানিয়ে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের দু’পক্ষ থেকেই যার যার প্রার্থনার সময়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েযছলো। আযান ও নামাজের সময় পূজার ঢাক বাজতে শোনা যায়নি। ধর্মীয় সহিষ্ণুতার এ নিদর্শন ভবিষ্যৎ প্রজন্মকে আরো বেশী সজাগ করতে সহায়তা করবে নিঃসন্দেহে। এন.হুসেইন রনী /জেসি


