প্রতিনিয়ত খুনীদের মদদ দেয়া হচ্ছে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:১৩ পিএম
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১২৯ মাস উপলক্ষে গতকাল সন্ধ্যায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রঙ্গণে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আলোক প্রজ্বালন কর্মসূচির আয়োজন করে।
সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্বকীর পিতা রফিউর রাব্বি, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাসুম, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুর সুজন, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এড. প্রদীপ ঘোষ বাবু ও সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা।
রফিউর রাব্বি বলেন, দুর্বৃত্তরা আজ দেশে সর্বশক্তিমান। সরকার দুর্বৃত্ত ও গডফাদারদের উপর নির্ভর করে আবার ক্ষমতায় আসার সকল বন্দোবস্ত করেছে। ক্ষমতা ধরে রাখার জন্য বিচার ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করেছে। কর্তৃত্তবাদী শাসন দেশকে আজ ভয়াবহ এক পর্যায়ে মুখে দাঁড় করিয়েছে। ত্বকীর চিহ্নিত খুনি আজমেরী ওসমান শহরের চিহ্নিত খুনি-সন্ত্রাসীদের নিয়ে প্রতিদিন হোন্ডা-মিছিল করে শহরে আতঙ্ক সৃষ্টি করে চলেছে প্রশাসনের মদদে।

এই শহরের মানুষ খুনি-জল্লাদদের হাতে জিম্মি হয়ে পরেছে। সরকার প্রতিনিয়ত এই খুনিদের মদদ দিয়ে যাচ্ছে। এইটি কোন স্বাধীন দেশ হতে পারে না। গণতন্ত্র, ভোটাধিকারের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল তা আজ ভূলুন্ঠিত। সরকার দেশকে আইয়ুব খানের পাকিস্তানে পরিণত করেছে। সরকার নিজেদের সকল অপর্মকে মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে দেশের মানুষের কাছে মুক্তিযুদ্ধকে ভয় ও ঘৃণার বিষয়ে পরিণত করেছে। তিনি বলেন, ত্বকী সহ সাগর-রুনী, তনু ও নারায়ণগঞ্জের আশিক, চঞ্চন, বুলু, মিঠু সকল হত্যার বিচার মানুষ আগামীতে আদায় করবে।
এড. মাহাবুবুর রহমান মাসুম বলেন, শামীম ওসমানের নির্দেশে ত্বকীকে হত্যা করা হয়েছে বলেই ত্বকী হত্যার বিচার বন্ধ হয়ে আছে। তিনি শামীম ওসমানের উদ্দেশ্যে প্রশ্ন করেন আপনি সংবাদ সম্মেলন করে বললেন ত্বকী হত্যার সাথে আপনার সম্পৃক্ততা নাই। তা হলে এই সাড়ে দশ বছরেও প্রমাণ দিলেন না কেন? আপনার ও আপনার পরিবারের সংশ্লিষ্টতার কথা তে আমরা বলি নাই, রাষ্ট্রীয় বাহিনী র্যাব বলেছে। প্রতিনিয়ত আপনার মিথ্যাচার করে যাচ্ছেন, দেশের মানুষ আপনাকে বোঝে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়।
৫ মার্চ ২০১৪ তদন্তকারী সংস্থা র্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চারসেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবে। কিন্তু সে অভিযোগপত্র আজো পেশ করা হয় নাই। ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামীদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। এস.এ/জেসি


