Logo
Logo
×

বিশেষ সংবাদ

রেলপথ উন্নয়ন নিশ্চিত করা হোক

Icon

ফরিদ আহমেদ রবি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০১:৪৫ পিএম

রেলপথ উন্নয়ন নিশ্চিত করা হোক
Swapno


ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ উন্নয়ন কাজ কবে শেষ হবে?  কাঙ্ক্ষিত উন্নয়ণ আদৌ আলোর মুখ দেখবে কিনা তা নিয়েও নারায়ণগঞ্জবাসী শঙ্কিত। রেলপথটি ডাবল এবং ডুয়েল গেজে রূপান্তরিত হওয়ার কথা, যাতে অধিক সংখ্যক ট্রেনের পাশাপাশি, মিটার গেজ, ব্রড গেজ উভয় ধরণের ট্রেন চলাচল করতে পারবে। সেই লক্ষ্যে কাজ শুরু করে মাঝপথে থেমে যাওয়ায় নারায়ণগঞ্জ বাসীর এমন আশঙ্কা।

 

 

শহরে যান জট তীব্র আকার ধারণ করায় কেউ কেউ আবার নারায়ণগঞ্জ রেল স্টেশন চাষাঢ়ায় স্হানান্তরের উদ্ভট প্রস্তাব পর্যন্ত দিয়ে ফেলেছেন। দেশের প্রাচীনতম এবং বৃহত্তম স্টেশন সমূহের অন্যতম স্টেশনটি যানজটের খোঁড়া অজুহাত দেখিয়ে স্হানান্তরের প্রস্তাব অনেকটা মাথা ব্যাথার কারণে নিরাময়ের চেষ্টা না করে মাথা কেটে ফেলার মত।দেড় শতক যাবত স্টেশনটি ব্যাবহার করে আসছে নদীর পূর্ব পাড়ের অসংখ্য যাত্রীসহ মুন্সীগঞ্জ, চাঁদপুর সহ অন্যান্য অঞ্চলের যাত্রীসাধারণ।

 

 

স্টেশনটি চাষাঢ়ায় স্থানান্তরিত হলে চাষাঢ়া থেকে সিংহভাগ যাত্রী নদী- তীরবর্তী অবস্থানে আসতে কতটা ভোগান্তিতে পড়বেন তা কি এ ধরনের প্রস্তাবকরা ভেবে দেখেছেন? ঢাকা নারায়ণগঞ্জ ১৬ কিলোমিটার পথের ৪/৫ কিলোমিটার দূরত্বে নেমে বিকল্প পরিবহনে বাকি পথ পাড়ি দিতে হলে ট্রেন যাত্রা হয়ে উঠবে পায়ে হেঁটে পথ চলার মত।একসময় কলকাতা সহ অখন্ড ভারতের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকার প্রবেশ দ্বার বা প্রবেশের উৎস স্টেশন ছিল নারায়ণগঞ্জ।

 

 

অবকাঠামোগত দিক থেকেও বর্তমান স্টেশনটি  অত্যন্ত সমৃদ্ধ। স্টেশনের বিশাল অবকাঠামো ব্যাবহার করে শুধু ঢাকা নয় দেশের অন্যান্য গন্তব্যে ট্রেন চলাচল সহজ করাও সম্ভব। কমলাপুর নয়, একসময় নারায়ণগঞ্জ ছিল দেশের প্রধান স্টেশন।দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতকারী ট্রেন সমূহের উৎস স্টেশন ছিল নারায়ণগঞ্জ।দেশের প্রধান নদী বন্দর নারায়ণগঞ্জে অবস্হিত।

 

 

স্বাভাবিক ভাবেই সঠিক পরিকল্পনা গ্রহণ করে নারায়ণগঞ্জকে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। যার মাধ্যমে কমলাপুর স্টেশন অনেকটা ভারমুক্ত হবে, সহজ হবে রেল যোগাযোগ। রেলপথ উন্নয়ন এবং স্টেশন শহরের যানজট নিরসনের জন্য অনেক বিকল্প রয়েছে। বর্তমান স্টেশন সচল রেখে ট্রেন সার্ভিস আরও উন্নত করার জন্য পরিকল্পনা গ্রহণ সময়ের দাবি।

 

 

নারায়ণগঞ্জ ঢাকা রেলপথ ডাবল এবং ডুয়েল গেজে রূপান্তরিত হলে অসংখ্য সাধারণ যাত্রী সাশ্রয়ী ভাড়া এবং সংক্ষিপ্ত সময়ে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করতে পারবে। শহরের ভিতর যে তিনটি লেভেল ক্রসিং রয়েছে,ওভারপাস, আন্ডারপাস বা ফ্লাইওভার তৈরি করে সড়ক এবং রেলপথে যানবাহন চলাচল অনেক সহজ করা সম্ভব।

 

 

দীর্ঘদিন যাবত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা রেলপথ উন্নয়নের কাজ ত্বরান্বিত করে প্রকল্পটির সমাপ্তি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে নারায়ণগঞ্জবাসী সহ নারায়ণগঞ্জ থেকে ট্রেনে চলাচলকারী আশপাশের অসংখ্য যাত্রীসাধারণ।রেলপথ উন্নয়নের কাজ  এবং ডাবল, ডুয়েলগেজ লাইন নদী তীরবর্তী প্রধান স্টেশন পর্যন্ত সম্প্রসারন নিয়ে সাধারণ মানুষের মনে যে আশংকা তৈরি হয়েছে তা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবেন তেমনটিই সাধারণ মানুষের প্রত্যাশা।

 

 

দেশের প্রাচীনতম এবং বৃহত্তম স্টেশনটি দেশের অন্যতম প্রধান স্টেশনে রূপান্তরিত হয়ে আবারও যাত্রীসাধারণের উপস্থিতিতে গম গম করবে, নারায়ণগঞ্জ ফিরে পাবে রেল শহরের হারানো ঐতিহ্য! এমন সম্ভাবনা বাস্তবে কবে রূপ নিবে? তেমন সুদিনের অপেক্ষায় প্রহর গুনছে নারায়ণগঞ্জবাসী। লেখক : বহুজাতিক ওষুধ কোম্পানী ও পোশাক শিল্পের সাবেক শীর্ষ কর্মকর্তা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন