Logo
Logo
×

বিশেষ সংবাদ

গিরগিটির মতো রঙ বদলাচ্ছে হাতেম

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১২:০০ এএম

গিরগিটির মতো রঙ বদলাচ্ছে হাতেম

গিরগিটির মতো রঙ বদলাচ্ছে হাতেম

Swapno

‘এতক্ষণে অরিন্দম কহিলো বিষাদে। ’ এই এতোক্ষণ আসলে কতক্ষণ? এক ঘণ্টা? দুই ঘণ্টা? চব্বিশ ঘণ্টা? বড়জোর এক সপ্তাহ? কিন্তু না।  জগদ্বিখ্যাত  বিজ্ঞানী আর্কিমিডিস স্নানের টবে পানির ঊর্ধ্বমুখী চাপের সূত্রটি আবিষ্কার করার পর আনন্দে সাথে সাথেই চিৎকার করে উচ্চারণ করেছিলেন ‘ইউরেকা ইউরেকা’। আর এদিকে হাসিনা বিদায়ের ১৮ মাস পরে ‘ইউরেকা ইউরেকা’ করে নতুন তত্ব নিয়ে হাজির হয়েছেন হাসিনার ব্যবসায়ী সিপাহশালার অন্যতম আস্থাভাজন ব্যক্তি এমএ হাতেম। চব্বিশের জুলাই-আগস্টে ছাত্রজনতার আন্দোলন চলাকালে হাসিনার সামনে দাঁড়িয়ে সেই আন্দোলনকেই ‘তাণ্ডব’ আখ্যা দিয়ে খোদ হাসিনারই হাততালি কুড়িয়েছিলেন হাতেম।  হাসিনার তালিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখন হাতেমের দাবি ‘তিনি হাসিনা ও তার পাইক-পেয়াদা ও শত শত ক্যামেরার সামনে সামনে মূলত ছাত্রলীগের নেতাকর্মীদের ভূমিকাকেই ‘তাণ্ডব’ আখ্যা দিয়েছিলেন।  


ঘাড়ে কয়টা মাথা থাকলে হাসিনার সামনেই তার স্নেহের ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে হাসিনারই হাততালি পাওয়া যায়, সেই প্রশ্নের উত্তর অবশ্য হাতেম দেননি। কিন্তু নিজেকে জুলাই আন্দোলনের অন্যতম স্টেকহোল্ডারও দাবি করে বসেছেন হাতেম। অতি সম্প্রতি জাতীয় ও স্থানীয় একাধিক গণমাধ্যমে এক সাক্ষাৎকারে নতুন করে ‘তাণ্ডব তত্ব’ নিয়ে হাজির হয়েছেন হাতেম। তার দাবি, চব্বিশের ১৯ ও জুলাই সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলাকেই কৌশলে ‘তাণ্ডব’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

যদিও অনুসন্ধান বলছে, ভাইরাল ওই বক্তব্যের পুরোটা সময়েই যে আন্দোলনকারীদেরকেই আক্রমণ করেছেন হাতেম, সেটি দুগ্ধপোষ্য শিশুরও বোঝার কথা। আর তাই তো ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে তাকে যখন বারবার বয়কট করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান থেকে, এমনকি তাকে অনুষ্ঠানস্থল থেকে বের করেও দিচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা, তখন নীরবে-নিভৃতে তা হজম করা ছাড়া উপায় থাকে না তার কাছে।


আওয়ামী শাসনামলের প্রায় ১৬ বছরেই চুটিয়ে ব্যবসা করেছেন হাতেম। দেশজুড়ে সুতা সিন্ডিকিটের মূল হোতা হিসেবেও তার নাম গণমাধ্যমে উঠে আসছে বারংবার। তবে এসব একেবারেই পছন্দ হচ্ছে না হাতেমের। তিনি এখন গণমাধ্যমে নাম উঠাতে চাচ্ছেন ‘জুলাইয়ের অন্যতম ন্যাশনাল স্টেকহোল্ডার’ হিসেবে। আর সেই লক্ষ্যেই ১৮ মাস শেষে কুম্ভকর্ণের ঘুম ভেঙে তিনি এসেছেন ‘ইউরেকা ইউরেকা’ বলতে বলতে বলতে।


তবে তার ব্যাপারে যেন ‘রা’ করতেই নিষেধ জুলাইয়ের অন্যতম স্টেকহোল্ডার দল বিএনপি’র নেতাদের। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান নাসিকের নতুন দায়িত্বের কথা তুলে বললেন, ‘এই ব্যাপারে আমি কোনো কথাই বলতে চাই না।



অন্যদিকে একাধিকবার চেষ্টা করেও ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া গেলো না মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর।
তবে কথা বলেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তার মতে, ‘তাণ্ডব’ শব্দটি হাতেম শিক্ষার্থীদের না কি ছাত্রলীগের উদ্দেশ্যে বলেছেন সেটি তো সবাই জানে। শেখ হাসিনার সামনে তিনি শিক্ষার্থীদেরকেই ‘তাণ্ডবকারী’ বলেছেন। এতোদিন পরে তার এমন আশ্চর্যজনক বক্তব্যের কারণ তিনিই ভালো বলতে পারবেন।
এমএ হাতেমের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি রফিউর রাব্বি। তিনি বলেন, ‘হাতেম যা বলেছেন, তা সবাই দেখেছেন, সবাই শুনেছেন। তিনি কী বলেছেন, তা নারায়ণগঞ্জবাসী জানে।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন