Logo
Logo
×

বিশেষ সংবাদ

ফতুল্লার কালিয়ানী খালের সাড়ে পাঁচ কিলোমিটার খননে অনুমোদন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

ফতুল্লার কালিয়ানী খালের সাড়ে পাঁচ কিলোমিটার খননে অনুমোদন

ফতুল্লার কালিয়ানী খালের সাড়ে পাঁচ কিলোমিটার খননে অনুমোদন

Swapno



দীর্ঘদিনের ভোগান্তির অন্যতম কারণ ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। বহুল প্রতীক্ষিত কালিয়ানী খালের সাড়ে ৫ কিলোমিটার খননের অনুমোদন ইতোমধ্যেই দেওয়া হয়েছে, যা শিগগিরই বাস্তবায়নের পথে যাচ্ছে। গতকাল সদর উপজেলা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি জানান, খাল খনন কার্যক্রম শুরুর পাশাপাশি কালিয়ানী খাল দখল করে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে।


জেলা প্রশাসক বলেন, ফতুল্লা এলাকায় জলাবদ্ধতার সমস্যা অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে। প্রতি বর্ষা মৌসুমে এখানকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই পরিস্থিতি থেকে স্থায়ী সমাধান পেতে কালিয়ানী খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, কালিয়ানী খালটি সরাসরি শীতলক্ষ্যা নদীর সঙ্গে সংযুক্ত। খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা গেলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে, ফলে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খালটির পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ স্বাভাবিক করার পাশাপাশি খালের দুই পাড়ে অবৈধ দখলদারিত্ব বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে উচ্ছেদ কার্যক্রমের প্রস্তুতিও শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে খনন কাজ শুরুর খবরে ফতুল্লাবাসীর মধ্যে স্বস্তির ছাপ দেখা গেছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কাজ সম্পন্ন হলে বছরের পর বছর ধরে ভোগান্তির কারণ হয়ে থাকা জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, প্রতিবার বর্ষায় ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়, চলাচল দুর্বিষহ হয়ে ওঠে। যদি খালটি খনন করে সচল করা যায়, তাহলে আমাদের কষ্ট অনেকটাই কমে যাবে।

সাধারণ মানুষ  মনে করছেন, শুধু খননই নয়, খালের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও দখলমুক্ত রাখার বিষয়টি নিশ্চিত করা গেলে দীর্ঘমেয়াদে ফতুল্লার জলাবদ্ধতা সমস্যার কার্যকর সমাধান সম্ভব হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন