না.গঞ্জে বাড়ছে হামের সংক্রমণ, জনমনে উদ্বেগ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
না.গঞ্জে বাড়ছে হামের সংক্রমণ, জনমনে উদ্বেগ
দেশজুড়ে হামের সংক্রমণ নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন শিশুদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা। সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, সারাদেশে ইতোমধ্যে সহস্রাধিক শিশু হামে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩৮ জন। এর মধ্যে শুধুমাত্র মার্চ মাসেই প্রাণ হারিয়েছে ৩২ শিশু। এমন পরিস্থিতিতে অন্যান্য জেলার মতো নারায়ণগঞ্জেও তৈরি হয়েছে এক ধরনের আতঙ্ক। তবে মাঠপর্যায়ে চিত্র কিছুটা ভিন্ন। নারায়ণগঞ্জের দুই সরকারি হাসপাতাল ঘুরে দেখা গেছে, হামের রোগী শনাক্ত হলেও গুরুতর পরিস্থিতি এখনো তৈরি হয়নি।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতাল পরিদর্শনে দেখা যায়, হামের রোগীদের জন্য আইসোলেশন ব্যবস্থা প্রস্তুত রাখা হলেও কোনো রোগীকে ভর্তি অবস্থায় পাওয়া যায়নি। তবে বহির্বিভাগে কয়েকজন শিশুকে চিকিৎসা নিতে দেখা গেছে, যাদের মধ্যে কয়েকজনের হাম শনাক্ত হয়েছে। হাসপাতালের সুপার আবুল বাশার জানান, প্রতিদিন গড়ে ২ থেকে ৩ জন করে হামের রোগী শনাক্ত হচ্ছে। তবে রোগীদের অবস্থা গুরুতর না হওয়ায় তারা বহির্বিভাগ থেকেই চিকিৎসা নিয়ে চলে যাচ্ছে। এজন্য এখনো কাউকে ভর্তি করার প্রয়োজন হয়নি।
অন্যদিকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে। সেখানে এখন পর্যন্ত কোনো হামের রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছেন হাসপাতালের সুপার জহিরুল ইসলাম। আইসোলেশন সেন্টার প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনো আলাদা করে এমন কোনো ব্যবস্থা করা হয়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মশিউর রহমান যুগের চিন্তাকে জানান, এখন পর্যন্ত জেলার কোনো হাসপাতালে হামের রোগী ভর্তি হয়নি। তবে পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে বলে তিনি দাবি করেন। সব মিলিয়ে, সারাদেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়লেও নারায়ণগঞ্জে এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং সচেতনতা বাড়ানোই এই পরিস্থিতি মোকাবেলার সবচেয়ে কার্যকর উপায়।


