লাইসেন্স নেই পপুলার ও মিতু ডায়াগনস্টিকের , জরিমানা লক্ষাধিক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
লাইসেন্স নেই পপুলার ও মিতু ডায়াগনস্টিকের , জরিমানা লক্ষাধিক
নারায়ণগঞ্জের নবাব সলিমুল্লাহ রোড ও আমলাপাড়া এলাকায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেবা প্রদানের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, ‘পপুলার মেডিকেল সার্ভিসেস’ ও ‘মিতু ক্লিনিক’ নামক প্রতিষ্ঠান দুটিতে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকা, ডাক্তার ও টেকনিশিয়ানের ঘাটতি এবং অতিরিক্ত সেবামূল্য রাখার প্রমাণ পাওয়া যায়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে জীবন বিপন্নকারী কার্যক্রম পরিচালনার দায়ে প্রতিষ্ঠান দুটিকে অভিযুক্ত করা হয়।
মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর ১৩ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ও ৫২ ধারায় এই অর্থদণ্ড প্রদান করা হয়। দুটি প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। অভিযান শেষে তিনি জানান, জনস্বার্থ রক্ষায় এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অবৈধভাবে পরিচালিত কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারকে ছাড় দেওয়া হবে না।


