১৩ এপ্রিল থেকে নারায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদ অভিযানের ঘোষণা নাসিক প্রশাসকের
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
১৩ এপ্রিল থেকে নারায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদ অভিযানের ঘোষণা নাসিক প্রশাসকের
আগামী ১৩ এপ্রিল থেকে নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসন ও হকার সমস্যা নিরসনে উচ্ছেদ অভিযানের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণ থেকে অভিযান শুরু হবে। এটি একদিনের জন্য নয়, বরং ধারাবাহিকভাবে প্রতিদিন পরিচালিত হবে। রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে নগরবাসীর স্বার্থে সবাইকে এই অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানান।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় নাসিক কনফারেন্স রুমে নগরীর বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।
যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে আনার উদ্যোগের কথাও তুলে ধরেন প্রশাসক। সাখাওয়াত জানান, তালিকাভুক্ত অটোরিকশা প্রায় ৭ হাজার হলেও বাস্তবে ১৭ হাজার লাইসেন্স এবং প্রায় ৭০ হাজার অটোরিকশা চলাচল করছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় আলাদা রঙের ডিজিটাল নাম্বার প্লেট চালু করা হবে।
'ডিজিটাল বারকোডের মাধ্যমে চালক শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি শহরের বাইরের কোনো অটোরিকশাকে শহরে প্রবেশ করতে দেওয়া হবে না। এতে যানজট কমবে এবং দুর্ঘটনাও হ্রাস পাবে।' যোগ করেন সাখাওয়াত।
আওয়ামী সরকারের সময় কেন এসব সমস্যা সমাধান করা সম্ভবপর হয়নি তা উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, অতীতে এমপি ও মেয়রের দ্বন্দ্বের কারণে এসব সমস্যার সমাধান সম্ভব হয়নি। তবে এবার সমন্বিত উদ্যোগের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজের গতি নিয়েও কঠোর বার্তা দেন প্রশাসক। তিনি বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করা হবে।
নারায়ণগঞ্জ শহরকে বাসযোগ্য করার জন্য সবার সহযোগিতা চেয়ে নাসিক প্রশাসক বলেন, 'নারায়ণগঞ্জের যানজট ও হকার সমস্যা সমাধানে ব্যবসায়ী সংগঠনগুলোর সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। এমপি, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ ও র্যাব—সবাই এ বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছি।
সভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


