Logo
Logo
×

বিশেষ সংবাদ

নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা আয়োজনে জেলা প্রশাসকের প্রস্তুতি সভা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা আয়োজনে জেলা প্রশাসকের প্রস্তুতি সভা

নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা আয়োজনে জেলা প্রশাসকের প্রস্তুতি সভা

Swapno



নারায়ণগঞ্জ জেলায় আসন্ন এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে পরীক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।


সভায় জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিব, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা পরীক্ষার সার্বিক প্রস্তুতি, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। সভায় এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার কেন্দ্র কমিটি গঠন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পরীক্ষার ভেন্যু নির্ধারণ, আসন বিন্যাস, পরিদর্শক নিয়োগ এবং প্রয়োজনীয় বাজেট প্রণয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।


বিশেষভাবে নকল প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানানো হয়। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রাখার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রের আশপাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনা করা হয়।


সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “পরীক্ষা যেন সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীলতা নিয়ে কাজ করতে হবে। কোনো অবস্থাতেই নকল বা অনিয়মের সুযোগ রাখা যাবে না।”


তিনি আরও বলেন, “প্রশ্নপত্র ফাঁস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর প্রবণতা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।”


জেলা প্রশাসক শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, ভীতিমুক্ত ও ইতিবাচক পরীক্ষা পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন, যাতে পরীক্ষাগুলো নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আলীনুর খান। তিনি পরীক্ষার সার্বিক প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন এবং সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয়ের ওপর জোর দেন।


এ সময় উপস্থিত কেন্দ্রসচিব ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা সরকারের নির্দেশনা বাস্তবায়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তারা নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি দেন। সভায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে একটি স্বচ্ছ ও সুশৃঙ্খল পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন