মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ১১ বছরের মাদ্রাসা ছাত্র ইমরান
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
গুলিবিদ্ধ মাদ্রাসাছাত্র ১১ বছর বয়সী ইমরান হোসেন
ফতুল্লায় ঝুট নিয়ে স্থানীয় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ মাদ্রাসাছাত্র ১১ বছর বয়সী ইমরান হোসেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। স্থানীয় মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ইমরান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে মাদ্রাসা থেকে ফেরার পর খেলাধুলা করার জন্য সাইকেল নিয়ে বের হলে সংঘর্ষ চলাকালীন অবস্থায় গুলিবিদ্ধ হয়। ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের চাঁদনী হাউজিংয়ে ভাড়া বাসায় দুই মেয়ে এক ছেলেকে নিয়ে থাকেন গার্মেন্টকর্মী ইমরানের পিতা আসমাউল হোসেন। একমাত্র ছেলেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে দেখে পাগলপ্রায় পিতা। তিনি জানান, ‘সকালে মাদ্রাসা থেকে ফিরে সাইকেল নিয়ে খেলতে বের হয়েছিল ছেলে। বাইরে গ্যাঞ্জাম দেখে সাইকেল বাসায় রাখতে আসলে বাসার গেটের সামনে গুলি লাগে। আমার মতো খেটে খাওয়া লোকের এত বড় ক্ষতি সামলে নেয়ার ক্ষমতা নাই।’
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে শিশু ইমরান। তার সাথে থাকা বড় বোন ইসা মনি ডাক্তারের বরাতে জানান, ইমরানের অবস্থা খুবই সংকটাপন্ন। ইতিমধ্যে ৮ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। ডাক্তার বলেছে, পেটের বাম পাশে গুলি লাগায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অস্ত্রোপচারে গুলিটি বের করা হয়েছে। তবে চিকিৎসক এখনো অভয় দিতে পারেননি বলে জানিয়েছেন শিশু ইমরানের বড় বোন।
প্রসঙ্গত, ফতুল্লার বিসিক এলাকায় স্থানীয় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে ছোড়া হয়েছে গুলি, বিস্ফোরণ ককটেল বিস্ফোরণে বৃহস্পতিবার সকালে শিশু ইমরানসহ দুইজন গুলিবিদ্ধ হন। এই ঘটনায় আহত হন কয়েক পথচারী। স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, এলাকার ‘বেস্ট স্টাইল কম্পোজিট’ নামের একটি কারখানার ঝুটের নিয়ন্ত্রণ নিয়ে এই বিরোধ। এক গ্রুপের নেতৃত্বে জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির অনুসারী অভি ও মানিক। অন্য গ্রুপটি বিএনপি নেতা খোকার অনুসারীদের। এর নেতৃত্বে আছেন ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক হাজি মাসুদুর রহমান মাসুদ। কারখানার ঝুট নামানো নিয়ে দুই গ্রুপের মধ্যে তর্কাতর্কির পর বাঁধে সংঘর্ষ।
এদিকে মৃত্যুর সাথে সন্তানকে পাঞ্জা লড়তে দেখে আহাজারি করতে থাকেন ইমরানের পিতা। তিনি তাঁর নিষ্পাপ শিশুর এমন করুণ দশার জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।


