সংসদে ত্বকী হত্যার বিচারে, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সাংসদ আল-আমিন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
সংসদে ত্বকী হত্যার বিচারে, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সাংসদ আল-আমিন
সংসদে ত্বকী হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। গতকাল রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয় হিসেবে তিনি এ সংক্রান্ত নোটিশ উত্থাপন করেন। নোটিশে তিনি ত্বকী হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া দ্রুত শুরু ও সম্পন্নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
নোটিশে উল্লেখ করা হয়, ২০১৩ সালে নারায়ণগঞ্জ থেকে ১৭ বছর বয়সী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী অপহরণের শিকার হন। অপহরণের পরদিন তার ‘এ লেভেল’ পরীক্ষার ফল প্রকাশিত হয়, যেখানে পদার্থবিজ্ঞানে তিনি ৩০০ নম্বরের মধ্যে ২৯৭ নম্বর পান। তবে অসাধারণ এই ফলাফল জেনে যাওয়ার আগেই তাকে হত্যা করা হয়। দুই দিন পর তার লাশ উদ্ধার করা হয়।


