৭২ ঘন্টার আল্টিমেটামে ২৪ ঘন্টায় সমাধান দিলেন জেলা প্রশাসক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
৭২ ঘন্টার আল্টিমেটামে ২৪ ঘন্টায় সমাধান দিলেন জেলা প্রশাসক
ফতুল্লার লিংকরোডে স্টেডিয়াম সড়কে ফুট ওভার ব্রিজ নির্মাণে দাবিতে গত ২২ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় নারায়ণগঞ্জ জেলা ছাত্র শক্তির নেতাকর্মী। এসময় তারা স্টেডিয়াম সড়কের দীর্ঘদিনের সমস্যা তুলে ধরেন। শুধু তাই নয় সাম্প্রতিক সময়ে এক মাসেই এ সড়কে চলাচল করতে গিয়ে দুই জনের প্রানহানীর ঘটনা ঘটে। আর সেই সকল কিছু চিন্তা করে জেলা প্রশাসকের কাছে তিন দিনের আল্টিমেটাম দিয়ে আসে।
তবে তাদের দেওয়া তিনদিনের আল্টিমেটামের আগেই ২৪ ঘন্টা যেতে না যেতেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির। ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন স্থানে স্থায়ী ফুটওভার ব্রিজ নির্মাণ ও প্রয়োজনীয় নিরাপত্তা অবকাঠামো স্থাপনের ব্যবস্থা নিয়েছেন। এক চিঠিতে উল্লেখ করা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডটি একটি হাই-স্পিড করিডোর হিসেবে ব্যবহৃত হওয়ায় ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন জনবহুল স্টপেজটিতে রাস্তা পারাপার হওয়া পথচারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। উক্ত স্থানে কোনো ফুটওভার ব্রিজ না থাকায় প্রায়শই প্রাণহানির মতো ঘটনা ঘটছে।
অদ্য স্থানীয় ছাত্র প্রতিনিধিরা জেলা প্রশাসনকে অবহিত করেছেন যে, দ্রুতগতির যানবাহন এবং অপরিকল্পিত পারাপার ব্যবস্থার কারণে সাধারণ মানুষ সেখানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সড়ক দুর্ঘটনা হাসে এবং টেকসই ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে উক্ত স্থানে জরুরি ভিত্তিতে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ ও দ্রুত বাস্তবায়ন,
ব্রিজ নির্মাণের মধ্যবর্তী সময়ে পথচারী পারাপারের জন্য দৃশ্যমান জেব্রা ক্রসিং অংকন এবং সতর্কতামূলক সাইন বোর্ড স্থাপন এবং স্টেডিয়ামের সন্নিকটে যানবাহনের গতি সীমিত করার লক্ষ্যে আধুনিক রাম্বল স্ট্রিপ বা প্রয়োজনীয় গতিরোধক স্থাপন করা প্রয়োজন। এমতাবস্থায়, জনস্বার্থ ও সড়ক নিরাপত্তা বিবেচনায় নিয়ে বর্ণিত স্থানে সরেজমিনে কারিগরি সমীক্ষা পরিচালনাপূর্বক একটি স্থায়ী ফুটওভার ব্রিজ নির্মাণ ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


