আমরা চাই ফুটবলের নতুন জাগরণ সৃষ্টি হোক : রেজা রিপন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০০ এএম
আমরা চাই ফুটবলের নতুন জাগরণ সৃষ্টি হোক : রেজা রিপন
নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, আগামী বছর আমরা আরও বৃহৎ আকারে বড় ফুটবল টিম নিয়ে আমরা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবো। ছোটবেলায় দেখেছি ফুটবলের অনেক মাতামাতি ছিল। ক্রিকেটের কারণে এটা চাপা পড়ে গেছে। আমরা চাই ফুটবলের নতুন জাগরণ সৃষ্টি হোক। শনিবার (২৩ মে) বিকেলে নারায়ণগঞ্জে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্বের বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জে আমরা আবার মুন্না, চুন্নু, এমিলি ভাইদের যুগে ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চাই। দীর্ঘদিন পরে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে ফুটবলের যে দৈন্য দশা চলছে সেই দৈন্য দশা কাটিয়ে ওঠার জন্য নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির পক্ষ থেকে ফুটবলে নতুন জাগরণ সৃষ্টির লক্ষ্যে আমরা তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। এই টুর্নামেন্টে নারায়ণগঞ্জের প্রথম বিভাগের ১৬টি দল অংশগ্রহণ করছে। এই টুর্নামেন্টে আমাদের কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। আমরা আজ যে উদ্দীপনা সৃষ্টি করতে পেরেছি এর জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এই আয়োজনটি হচ্ছে। এমন পৃষ্ঠপোষকতা না পাওয়া গেলে এমন বড় আয়োজন করা যায় না। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেলেন। আমি মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিবকে নারায়ণগঞ্জের সকল ফুটবলপ্রেমীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।


