Logo
Logo
×

বিশেষ সংবাদ

সেলিম ওসমানের ক্যাশিয়ার হাতেম এখন ব্যবসায়ী নেতা এমপি আল-আমিন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম

সেলিম ওসমানের ক্যাশিয়ার হাতেম এখন ব্যবসায়ী নেতা এমপি আল-আমিন

সেলিম ওসমানের ক্যাশিয়ার হাতেম এখন ব্যবসায়ী নেতা এমপি আল-আমিন

Swapno



ব্যবসায়ী নেতা মোহাম্মদ হাতেম সাবেক সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের ক্যাশিয়ার ছিলেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আব্দুল্লাহ আল-আমিন। গতকাল সকালে জেলা প্রশাসকের আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ব্যবসায়ী হাতেমের কঠোর সমালোচনা করেন।


সংসদ সদস্য আল আমিন বলেন, সেলিম ওসমান ছিলেন ব্যবসায়ী সন্ত্রাসী। একইসঙ্গে ব্যবসায়ী সংগঠন বিকেএমই‘এর সভাপতি মোহাম্মদ হাতেম ছিলেন ওসমানদের ‘ক্যাশিয়ার’। হাতেমের বিরুদ্ধেও বৈষম্যবিরোধী মামলা রয়েছে। তিনি বিস্ময়ের সাথে ক্ষোভ ঝেড়ে বলেন, ‘যারা শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে জুলাইকে তাণ্ডব বলেছে, এখন ব্যবসায়ী নেতা বলে হাতেমদের নাম বলা যাবে না? অথচ তারাও জুলাই হত্যা মামলার আসামি এবং হাতেমের বিরুদ্ধেও মামলা রয়েছে।


আমি কখনো কোনো দলের বিরুদ্ধে বলি না। ব্যবসায়ীদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। তারা এই নারায়ণগঞ্জকে টিকিয়ে রাখছে এবং নারায়ণগঞ্জকে বিদেশে সম্মানিত করেছে। কিন্তু তার মানে এই নয় যে কোনো ব্যবসায়ী সন্ত্রাসীদের সঙ্গে আঁতাত করেনি।


সাংসদ আল-আমিন হাতেমের প্রসঙ্গ টেনে বলেন, সেলিম ওসমানও ব্যবসায়ী, সে তো সন্ত্রাসী, ফ্যাসিস্টরা অবশ্যই ফ্যাসিস্ট। এই ধরণের বিভাজন করে বলা যাবে না এরা ভালো, এরা খারাপ। যারা অপরাধ করেছে, তারাই ফ্যাসিস্ট। যখন নারায়ণগঞ্জে আদিলকে গুলি করে হত্যা করা হয়, এরপর শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে নারায়ণগঞ্জের যে বলছে, ‘এই জুলাই আন্দোলন যারা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’, সে এখন ব্যবসায়ী নেতা বলে তাকে স্থান দিতে হবে?এই ধরনের বাংলাদেশ দেখার জন্য আমাদের মায়েদের সন্তানেরা জীবন দেয়নি।


আব্দুল্লাহ আল আমিন আরো বলেন, যাদের কারণে আমরা আজ এখানে বসতে পারছি, তাঁদের পরিবারকে এখনো কান্নাকাটি করতে হচ্ছে। তারা এখনো মনে করেন, রাষ্ট্র ও পুরো সিস্টেম তাঁদের প্রতি যে সহমর্মিতা দেখানোর কথা, তা দেখাতে পারছে না। এটি আমাদের জন্য লজ্জার।


জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, সদর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা সাদিয়া আক্তার, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমাদ, আমির মাওলানা আবদুল জব্বার, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরীর জাবেদ আলমসহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতরা উপস্থিত ছিলেন।


প্রসঙ্গত, ২০১০ সাল থেকে বিকেএমই’এ সংগঠনটি জিম্মি করে বিনা নির্বাচনে দায়িত্বে ছিলেন সাবেক সাংসদ সেলিম ওসমান। তার সঙ্গে দীর্ঘ ১১ বছর ধরে সহসভাপতির দায়িত্ব পালন শেষে ২০২১ সাল থেকে নির্বাহী সভাপতির দায়িত্বে ছিলেন ওসমান পরিবারের শীর্ষ সহযোগী হিসেবে পরিচিত মোহাম্মদ হাতেম। ২০২৪ সালের ৫ আগস্টের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সেলিম ওসমান আত্মগোপনে চলে যাওয়ার পর তাঁর নির্দেশে সংগঠনের প্রেসক্রিপশনে সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মোহাম্মদ হাতেম।


এক্ষেত্রে খোদ সেলিম ওসমান ২৪ আগস্ট চিঠি দিয়ে ব্যবসায়ীদের চিঠি দিয়ে সভাপতি হিসেবে হাতেমকে গ্রহণ করতে নির্দেশনা দেন। যাকে ঘিরে পরবর্তীতে হাতেম সেই দায়িত্ব পালন করে দীর্ঘ এক বছর। তা ছাড়া সে সময় দায়িত্বে থেকে ঝুট ব্যবসার টোকেন বিলির মাধ্যমে আলোচনায় আসেন। যাকে ঘিরে শক্ত অবস্থান তৈরি করে পরবর্তীতে ২০২৫ সালের ১ জুন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সুবিধার ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের নির্বাচিত হন। বর্তমানে ফের বিসিক এলাকায় ছড়ি ঘুরাচ্ছেন এই হাতেম। তাছাড়া ও একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে রয়েছেন তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন