বস্ত্র শিল্পের অবস্থা খুবই নাজুক : এম সোলায়মান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম
বস্ত্র শিল্পের অবস্থা খুবই নাজুক : এম সোলায়মান
বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন (বিওয়াইএমএ) এর ষষ্ঠবারের মতো নির্বাচিত সভাপতি এম সোলায়মান বলেছেন, দুই বছর ধরে দেশের বস্ত্রশিল্পের অবস্থা খুবই নাজুক। সারাদেশে ৭০০টি স্পিনিং মিল থাকলেও এখন ১৫০টির মতো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। হাজী হাশেম স্পিনিং মিলস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর এম সোলায়মান জানান, আমার নিজের প্রতিষ্ঠানের টার্নওভার ৩০% কমে গেছে। যারা চলছে কেউ ৩০%, কেউ ৪০%, কেউ ৫০% লস দিয়ে ব্যবসা করছে।
ব্যবসায়ীরা বিভিন্ন কারণে হিমশিম খাচ্ছে। স্পিনিং মিলগুলোতে কাঁচামালের বিরাট সংকট রয়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাসের সংকট রয়েছে। তুলা, সুতা, মেশিনারিজ সব জায়গাতেই সংকট রয়েছে। অথচ করোনার আপদকালীন সময়ে আমরা গার্মেন্ট সেক্টরে ৮০ পারসেন্ট সুতা আমরাই সরবরাহ করেছিলাম। বর্তমানে বিশ্ববাজার মন্দা হওয়াতে আমাদের পাশ্ববর্তী দেশ ভারত বিশেষ প্রণোদনা দিয়ে কম মূল্যের সুতা আমাদের ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে। আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছিনা। কিছুদিন ধরে ৫ পারসেন্ট প্রণোদনা দেয়া হলেও প্রায় মুমুর্ষু স্পিনিং সেক্টরে এটি যথেষ্ট নয়। সরকারকে আরো বিশেষভাবে নজর দিতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন এসব সমস্যা সমাধানে বিভিন্ন কমিটি করে দেবেন। আমরা সরকারের দিকে তাকিয়ে আছি। বিশেষ প্রণোদনা দিয়ে এই সংকটকালীন সময় থেকে কিভাবে উত্তোরণ করা যায় তার ব্যবস্থা করতে হবে। ব্যাংক লোনের ব্যবস্থা, ব্যাংকের ইন্টারেস্ট হার কমাতে হবে। সরকার একটু নজর দিলেই আমরা গার্মেন্ট সেক্টরে ৮০ পারসেন্টের বেশি সুতা সরবরাহ করতে পারবো। গার্মেন্ট ব্যবসাও খারাপ, সেখানেও নজর দিতে হবে। সরকার সহযোগিতা করলে আমরা এইসব সমস্যা সমাধান করতে পারবো।


