Logo
Logo
×

বিশেষ সংবাদ

প্রো-অ্যাকটিভ হাসপাতাল যেন রোগীদের কসাইখানা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রো-অ্যাকটিভ হাসপাতাল যেন রোগীদের কসাইখানা
Swapno

# শিশু মৃত্যুর ঘটনায় একের পর এক অভিযোগ
# ভুল চিকিৎসা ও আইসিইউ-এনআইসিইউতে অস্বাভাবিক বিল আদায়ের অভিযোগ
# চিকিৎসার নামে লাখ লাখ টাকা আদায়, জবাবদিহি নেই কর্তৃপক্ষের



মৃত নবজাতককে ঘিরেও থামেনি বিলের হিসাব। কুমিল্লার চৌদ্দগ্রামের শামীম মজুমদারের মেয়েকে নারায়ণগঞ্জের প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নেওয়ার পর ভর্তি করা হয় এনআইসিইউতে। দুই দিন পর জানানো হয়, শিশুটি মারা গেছে। হাসপাতাল থেকে ধরিয়ে দেওয়া হয় লাখ টাকার বেশি বিল। পরে কুমিল্লার অন্য একটি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা জানান, শিশুটি আরও আগেই মারা গিয়েছিল। যদিও চিকিৎসা কতটুকু হয়েছে, মৃত্যুর পরও বিল কেন—এসব প্রশ্নের উত্তর মেলেনি। বরং চিকিৎসায় অবহেলা, ভুল চিকিৎসা, আইসিইউ-এনআইসিইউতে অস্বাভাবিক বিল আদায় এবং একের পর এক শিশু মৃত্যুর অভিযোগে হাসপাতালটির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছেই। স্বজনদের কাছে চিকিৎসার আশ্রয়স্থল নয়, প্রতিষ্ঠানটি যেন রোগীদের কসাইখানা।



শামীমের নবজাতকই শেষ নয়। একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে দুই মাসের শিশু রাইজান, ভূঁইগড়ের মারুফা ও আয়েশা এবং মদনগঞ্জের দিদার বেপারী-মিতালি আক্তার দম্পতির চার দিন বয়সী সন্তান। প্রতিটি মৃত্যুর পর স্বজনদের অভিযোগের কেন্দ্রে উঠে এসেছে চিকিৎসায় অবহেলা, ভুল রোগ নির্ণয় ও অতিরিক্ত বিল। কোথাও ডেঙ্গুর নামে ইনজেকশন দিয়ে পরে নিউমোনিয়ার চিকিৎসা, কোথাও ১৪ দিন এনআইসিইউ-পিআইসিইউতে রেখে এক দিনের জন্য চার লাখ ৮০ হাজার টাকার বিলের কথা জানানো, আবার কোথাও দুই দিনের চিকিৎসায় প্রায় ৬০ হাজার টাকা আদায়। প্রশ্ন উঠেছে, চিকিৎসার নামে এত টাকা নিয়েও কেন নিরাপদ নন রোগীরা।



চিকিৎসা নিয়ে প্রশ্ন, বিল নিয়ে অভিযোগ :

দুই মাসের শিশু রাইজানের বাবা রুবেল রহমান ও মা রজনী রহমান জানান, ২৮ সেপ্টেম্বর সামান্য জ্বর-ঠান্ডা নিয়ে সন্তানকে ভর্তি করেন। প্রথমে এনআইসিইউ, পরে পিআইসিইউতে নেওয়া হয়। তাদের অভিযোগ, পিআইসিইউর নার্স নাসিমা বেগম ঠিকমতো ওষুধ দেননি, নেবুলাইজডও করেননি। ১৪ দিন পর শিশুটির অবস্থা সংকটাপন্ন জানিয়ে ঢাকার স্কয়ার বা এভারকেয়ারে নিতে বলা হয়। এক দিনের জন্য চার লাখ ৮০ হাজার টাকা বিলের কথাও জানানো হয়েছিল। পরে সিরাজুল ইসলাম মেডিকেলে নেওয়া হলে ১২ অক্টোবর রাতে মারা যায় রাইজান।



সিদ্ধিরগঞ্জের নয়াপাড়ার আমিনুল ইসলাম ও আমেনা বেগমের ১০ বছরের মেয়ে আয়েশাকে ৩০ সেপ্টেম্বর জ্বর নিয়ে ভর্তি করা হয়। আমেনার অভিযোগ, ডেঙ্গু শনাক্তের কথা বলে ১৬ হাজার টাকা করে পাঁচটি ইনজেকশন দেওয়া হয়। পাঁচ দিন পর জানানো হয়, ডেঙ্গু নয়, নিউমোনিয়া হয়েছে। পরে লাইফ সাপোর্টে নেওয়ার পর ১৪ অক্টোবর মারা যায় আয়েশা। আমেনার ক্ষোভ, আমার মেয়ের আসলে কী রোগ হয়েছে, তা ডাক্তাররা আমাকে বলতেই পারেনি।



মদনগঞ্জের দিদার বেপারী ও মিতালি আক্তারের চার দিন বয়সী সন্তানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউ খালি না থাকায় ১৩ অক্টোবর প্রো-অ্যাকটিভে নেওয়া হয়। দিদারের দাবি, ভর্তির সময় সুস্থ থাকা শিশুটির পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের নামে প্রায় ৬০ হাজার টাকা নেওয়া হয়। ১৭ অক্টোবর বিকেলে জানানো হয় শিশুটি মারা গেছে। এসব ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা গত ২৭ অক্টোবর হাসপাতালের সামনে এবং পরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। তাদের অভিযোগ, চিকিৎসক-নার্সদের অবহেলা ও ভুল চিকিৎসায় সন্তানদের মৃত্যু হয়েছে। তারা নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেন।



আইসিইউ-এনআইসিইউ যেন টাকার খনি :

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগস্থল সাইনবোর্ডে হাসপাতালটির অবস্থান। নারায়ণগঞ্জ ছাড়াও মুন্সীগঞ্জ, নরসিংদী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সংকটাপন্ন রোগী নিয়ে স্বজনরা এখানে আসেন। অভিযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে রোগীদের দ্রুত আইসিইউ-এনআইসিইউতে ভর্তি করা হয়। অপ্রয়োজনীয় জটিলতার ভয় দেখিয়ে দীর্ঘ সময় আটকে রেখে বাড়ানো হয় বিল। বিশেষজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতি, রাতের শিফটে চিকিৎসাসেবার ঘাটতি এবং নার্সদের দায়িত্বে অবহেলার অভিযোগও রয়েছে। অর্থাৎ রোগীর জীবন বাঁচানোর গুরুত্বপূর্ণ ইউনিটগুলোই স্বজনদের অভিযোগে পরিণত হয়েছে অতিরিক্ত বিল আদায়ের ফাঁদে।



কর্তৃপক্ষের নীরবতা, নজরদারির দায় কার :

এত গুরুতর অভিযোগের বিষয়ে হাসপাতালের পরিচালক ও উপপরিচালকের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি। গতকাল মঙ্গলবার রাতেও ফোন করা হয়; কিন্তু কর্তৃপক্ষের কেউ সাড়া দেননি নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেনের দাবি, অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তদন্তের ফল কী, কারও বিরুদ্ধে দায় নির্ধারণ হয়েছে কি না কিংবা চিকিৎসায় অবহেলার অভিযোগের সত্যতা কতটুকু—তার স্পষ্ট জবাব নেই। অভিযোগকারীরা পরে আর যোগাযোগ করেননি বলে পরবর্তী কার্যক্রম এগোয়নি বলেও দায় এড়িয়ে যান তিনি। তবে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখার পরিচালক ডা. মো. নুরুল ইসলাম বলেন, কেউ অভিযোগ করলে স্বাস্থ্য অধিদপ্তর তদন্ত করে দেখবে। গণমাধ্যমে প্রকাশিত ঘটনা ও অভিযোগের তথ্য দিয়েও সহযোগিতা করতে বলেন তিনি।



স্থানীয়দের অভিযোগ, একের পর এক শিশুর মৃত্যু, ভুল চিকিৎসা ও অস্বাভাবিক বিল আদায়ের অভিযোগের পরও হাসপাতালটির চিকিৎসাসেবা ও আইসিইউ-এনআইসিইউর সক্ষমতা সরেজমিনে যাচাই করা হচ্ছে না। হাসপাতালের চিকিৎসা নথি, বিলের হিসাব, চিকিৎসক-নার্সদের উপস্থিতি এবং রোগী ভর্তির যৌক্তিকতা নিরীক্ষা করে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যভস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন