Logo
Logo
×

বিশেষ সংবাদ

প্রো-অ্যাকটিভ হাসপাতাল যেন রোগীদের কসাইখানা

কসাইখানার পর এবার অনুমোদন নিয়েও গলদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

কসাইখানার পর এবার অনুমোদন নিয়েও গলদ

প্রো-অ্যাকটিভ হাসপাতাল

Swapno

# মেডিকেল কলেজের চূড়ান্ত অনুমোদন ছাড়াই কলেজ পরিচয়ে কার্যক্রম
# স্বাস্থ্য শিক্ষা বিভাগের শর্ত পূরণ না করেই চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম
# অনুমোদন নিয়ে হাসপাতাল ও সিভিল সার্জনের বক্তব্যে বড় ধরনের অসংগতি
# আইসিইউ-এনআইসিইউসহ বিশেষায়িত সেবার সক্ষমতা যাচাইয়ের দাবি
# অনুমোদনের নথি নেই, চিকিৎসাসেবার মান নিয়েও উঠছে প্রশ্ন



শিশুমৃত্যু, ভুল চিকিৎসা ও আইসিইউ-এনআইসিইউতে অস্বাভাবিক বিল আদায়ের অভিযোগে আলোচনায় আসা নারায়ণগঞ্জের সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড এবার নিজস্ব পরিচয় ও অনুমোদন নিয়েই প্রশ্নের মুখে। কোম্পানি হিসেবে নিবন্ধন আছে, হাসপাতাল পরিচালনার ট্রেড লাইসেন্সও আছে; কিন্তু মেডিকেল কলেজ পরিচালনার চূড়ান্ত অনুমোদন নেই। বিষয়টি স্বীকার করেছে খোদ হাসপাতাল কর্তৃপক্ষও। তারপরও ‘মেডিকেল কলেজ’ পরিচয়ে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। একদিকে কর্তৃপক্ষের স্বীকারোক্তি, অন্যদিকে সিভিল সার্জনের দাবি—অনুমোদন আছে। কিন্তু সেই অনুমোদনের কোনো নথি দেখাতে পারেননি তিনি। শিশুমৃত্যুর অভিযোগে তদন্ত কমিটি গঠনের কথা বললেও তদন্তের ফল বা ব্যবস্থা নেওয়ার তথ্য নেই। ফলে প্রতিষ্ঠানটির অনুমোদন, চিকিৎসাসেবার মান এবং সরকারি তদারকি—সবকিছু নিয়েই তৈরি হয়েছে গুরুতর প্রশ্ন।



প্রতিষ্ঠানটির নামে জয়েন্ট স্টক কোম্পানি ও ফার্মসের নিবন্ধন রয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন দিয়েছে হাসপাতাল পরিচালনার ট্রেড লাইসেন্স। কিন্তু কোনোটিই মেডিকেল কলেজ পরিচালনার চূড়ান্ত অনুমোদন নয়। হাসপাতাল কর্তৃপক্ষও স্বীকার করেছে, স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে সেই অনুমোদন এখনো মেলেনি। আবেদন করার পর বিভাগ কিছু শর্ত দিয়েছে; সেগুলো পূরণ করে আবার আবেদন করতে বলা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, স্বাস্থ্য অধিদপ্তর পরিদর্শন করে মেডিকেল কলেজের নামে প্রাথমিক পর্যায়ের অনুমোদন দিয়েছে। তবে সেই অনুমোদনের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি বা মেডিকেল কলেজ পরিচালনার বৈধতা আছে কি না, তার কোনো স্পষ্ট নথি দেখাতে পারেনি তারা। প্রস্তাবিত কলেজের জন্য ১২৬ শতাংশ জমি কেনার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের যুক্তি, মেডিকেল কলেজের অনুমোদনের আগে হাসপাতাল পরিচালনার অভিজ্ঞতা প্রয়োজন; তাই আগে হাসপাতাল চালু করা হয়েছে। কিন্তু অভিজ্ঞতা অর্জনের যুক্তি চূড়ান্ত অনুমোদনের বিকল্প হতে পারে না।




কোম্পানির সনদে কলেজের অনুমোদন নয় :

জয়েন্ট স্টক কোম্পানি ও ফার্মসের অতিরিক্ত নিবন্ধক (যুগ্ম সচিব) মো. নূর-এ আলম বলেন, ‘জয়েন্ট স্টক কোম্পানি যখন হয়, তখন আমাদের এখানে রেজিস্ট্রেশন করে। ... প্রাইভেট হাসপাতালের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন আছে। আমার এখানে শুধু তারা যে একটা জয়েন্ট স্টক কোম্পানি, কিছু শেয়ারহোল্ডার মিলে একটা কোম্পানি তৈরি করেছে, সেটার নিবন্ধন দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘জয়েন্ট স্টক থেকে নিবন্ধন হলে শুধুমাত্র জয়েন্ট স্টক কোম্পানি হিসেবে সে রেজিস্টার্ড হবে। যেকোনো ব্যবসা পরিচালনা করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে করতে হবে। সেটা তার মেমোরেন্ডামেও বলা আছে।’ তাঁর বক্তব্য, কোম্পানি-সংক্রান্ত আইন লঙ্ঘনের বিষয়টি জয়েন্ট স্টকের এখতিয়ার; স্বাস্থ্যসেবা ও হাসপাতাল পরিচালনার অনুমোদন দেখার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের।



নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাফিয়া ইসলামও জানান, প্রতিষ্ঠানটিকে হাসপাতাল পরিচালনার ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে, মেডিকেল কলেজের অনুমোদন নয়। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মো. নুরুল ইসলাম বলেন, ‘দুইটা পার্ট বুঝছেন, একটা হচ্ছে মেডিকেল কলেজের অনুমোদন দেয় স্বাস্থ্য শিক্ষা। ওইটা আলাদা।’


প্রতিষ্ঠানের নামে নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন মেডিকেল কলেজ যেটা দিছে ওটা নিয়ে সমস্যা নাই... ওই নামে তো রেজিস্ট্রেশন হইছে।’ তবে সেবার মানের বিষয়ে তার মন্তব্য, ‘এখন নাম যাই হোক, নাম একটা ফ্যাক্টর। তারপরেও তো সার্ভিসটা ভালো দেওয়ার দরকার।’ অভিযোগ ও নথি পেলে তদন্তের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘করেন, আমরা এগুলো না করলে তো আমাদের কাজ। আমি যাব, নিজে যাব।’ স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা শাখার যুগ্ম সচিব মো. ইসরাইল হোসেন বলেন, শুধু জয়েন্ট স্টক কোম্পানির নিবন্ধনের ভিত্তিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা বা পরিচালনার সুযোগ দেয়—এমন কোনো আইনের বিষয়ে তিনি অবগত নন। তবে বিষয়টি তাঁর নিজস্ব কর্মপরিধির মধ্যে পড়ে না বলে জানান তিনি।



সিভিল সার্জনের দাবি, অনুমোদনের নথি নেই :


এদিকে নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেনের দাবি, প্রতিষ্ঠানটির মেডিকেল কলেজ পরিচালনার অনুমোদন আছে। জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই আছে।’ কিন্তু কোন কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে, কবে দিয়েছে কিংবা কী শর্তে দিয়েছে—এসবের কোনো আদেশ বা নথি তিনি দেখাতে পারেননি। অথচ হাসপাতাল কর্তৃপক্ষই বলছে, স্বাস্থ্য শিক্ষা বিভাগের চূড়ান্ত অনুমোদন এখনো পাওয়া যায়নি। সরকারি দুই পক্ষের এমন পরস্পরবিরোধী বক্তব্যে অনুমোদনের বিষয়টি আরও রহস্যজনক হয়ে উঠেছে। শিশুমৃত্যুর অভিযোগে তদন্তের বিষয়ে সিভিল সার্জন বলেন, ‘আমরা যা যা ব্যবস্থা নেওয়ার সবই নিয়েছি। যার বাচ্চা মারা গিয়েছে, আমি দেখার পর ব্যবস্থা নিয়েছিলাম। তদন্ত কমিটি করে দিয়েছিলাম, সবকিছু আমরা করে দিয়েছি।’ তবে কমিটির প্রতিবেদন, অভিযোগের সত্যতা কিংবা দায়ীদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার কোনো বিস্তারিত তথ্য তিনি দেননি। তার দাবি, অভিযোগকারীরা পরে আর যোগাযোগ করেননি।



অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পাঁচ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল, যার মধ্যে শিশু বিশেষজ্ঞও ছিলেন, শিশুটির চিকিৎসা দিয়েছেন। গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সিভিল সার্জন কার্যালয় চিকিৎসার বিবরণ চেয়ে চিঠি দিলে তাঁরা লিখিত জবাব দিয়েছেন। হাসপাতালের উপপরিচালক ডা. মোহাম্মদ শ্রাবণ অবহেলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা শিশু রোগীদের সঠিক নিয়মেই চিকিৎসা দিয়েছি।’ এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির দাবি, তাদের আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ, এসডিইউ ও ডায়ালাইসিস সেবা রয়েছে। নারায়ণগঞ্জে প্রথম ডায়ালাইসিস সেবা চালু এবং করোনাকাল ও জুলাই আন্দোলনে চিকিৎসাসেবা দেওয়ার কথাও বলেছে কর্তৃপক্ষ। কিন্তু এসব সেবার সক্ষমতা, প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি ও অনুমোদন যাচাই হয়েছে কি না, তারও স্পষ্ট তথ্য নেই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন