আজ শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের জাতীয় পর্যায়
যুগের চিন্তা অনলাইন।
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১, ০৫:৩৮ পিএম
আজ বৃহস্পতিবার মাঠে গড়ালো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২১ এর জাতীয় পর্যায়ে খেলা।
জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আট বিভাগের বালক এবং বালিকা দল। উদ্বোধনী ম্যাচে ট্রাইবেকারে বরিশালকে হারিয়েছে ঢাকা বিভাগ।
গত ২৯ মার্চ উপজেলা পর্যায়ে শুরু হয় ২০২১ সালের খেলা। উপজেলা পর্যায়ে বালক বিভাগে অংশ নেয় সারা দেশের ৪৫৭১টি ইউনিয়ন এবং ২৫৭টি পৌরসভা সহ ৪৮২৮টি দলের মোট ৮৬৯০৪ জন খেলোয়াড়। উপজেলায় বাছাইকৃত সেরা খেলোয়াড়দের নিয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে অংশ নেয় ৪৯২টি উপজেলা, ২৯টি সিটি কর্পোরেশন এবং ৬০টি পৌরসভাসহ মোট ৫৮১টি দল।
জেলা পর্যায় থেকে অংশ নেয় বালিকারাও। বালক এবং বালিকাদের মোট ১১৬২টি দলের ২০৯১৬ জন খেলোয়াড় নিয়ে অনুষ্ঠিত হয় জেলা পর্যায়ের প্রতিযোগিতা। জেলায় অংশ নেওয়া প্রতিটি দল থেকে বাছাইকৃত সেরা খেলোয়াড়দের নিয়ে আয়োজন করা হয় বিভাগীয় প্রতিযোগিতা। যেখানে অংশ নেয় ৬৪টি জেলা এবং ৪টি পৌরসভাসহ ৬৮ দলের ২৪৪৮ জন বালক এবং বালিকা।
টুর্নামেন্টের শেষ ধাপ হচ্ছে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। যেখানে অংশ নিচ্ছে ৮টি বিভাগীয় বালক এবং বালিকা দলের ২৮৮ জন খেলোয়াড়। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা থেকে চূড়ান্তভাবে বাছাই করা হবে ৪০ জন বালক এবং ৪০ জন বালিকা ফুটবলার। বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে বিকেএসপিতে ৩ মাসের নিবিড় আবাসিক ক্যাম্প আয়োজন করা হবে। ক্যাম্প থেকে প্রতিভাবান খেলোয়াড়দের জন্য বিদেশে উন্নত প্রশিক্ষণের সুযোগও রয়েছে এই আয়োজনে।


