বৃষ্টিই কি আশা ডোবালো টাইগারদের সপ্নে!
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ০৩:১৫ পিএম
বৃষ্টিস্নাত মিরপুর হোম অফ ক্রিকেট।
প্রথম টেস্ট হেরেছে বাংলাদেশ। ঢাকায় দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ইচ্ছে টাইগার বাহিনীর। কিন্তু বৃষ্টির বাগড়ায় সেই সুযোগটাই ঠিকঠাক পাচ্ছে না স্বাগতিকরা। হয়তো সব আসায় গুড়ে বালি।
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। মিরপুরেও সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও সময় বাড়ার সঙ্গে বৃষ্টির জোর আরও বেড়েছে। তাতে আগেভাগেই দিনের খেলা শেষের ঘোষণা আসার আশঙ্কা ছিল। সেই আশঙ্কাই বাস্তব হল। ২য় দিনের খেলা শেষ মাত্র ৬.২ ওভারেই।
বৃষ্টির বাগড়া ও ভেজা আউটফিল্ডে খেলা শুরু করা যাচ্ছিল না। অবশেষে আবহাওয়ার উন্নতি হওয়ায় শুরু হয় বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। অনেক অপেক্ষার পর বেলা ১২টা ৫০ মিনিটে শুরু হয় খেলা। এর মধ্যে দ্বিতীয় দিনের লাঞ্চও সেরে ফেলেছিল দুই দল। কিন্তু মাত্র ৬.২ ওভার হতেই আবার বৃষ্টি বাগড়া দিলে বন্ধ হয়ে যায় খেলা। শেষ পর্যন্ত আর মাঠে গড়ায় নি খেলা।
খালেদ আহমেদকে দিয়ে শুরু হয় বাংলাদেশের দ্বিতীয় দিনের বোলিং আক্রমণ। তার প্রথম বলেই বাউন্ডারি হাঁকান বাবর আজম। আগের দিনই পাকিস্তান অধিনায়ক পূরণ করেছেন হাফসেঞ্চুরি। তার সঙ্গে দ্বিতীয় দিন শুরু করেন আজহার আলী।
২য় দিন শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেট খরচ করে ১৮৮ রান। দুই দিনে মোট খেলা হয়েছে ৬৩ ওভার ২ বল।


