বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিব আল হাসান এর সেই ছুটি মঞ্জুর করেছে। দল ঘোষণার পর পরই আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়েছিলেন দেশ সেরা এই অলরাউন্ডার। এই বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, ‘ব্যাপারটা হচ্ছে যার বিশ্রামের প্রয়োজন তাকে তো বিশ্রাম দিতেই হবে। সে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হোক বা না হোক। সাকিবের ব্যাপারটা কিন্তু আলাদা, ও তো আর ইনজুরিতে নেই কিংবা বিশ্রামও চায়নি। ও বিরতি চেয়েছে পারিবারিক কারণে।
কাজেই জিনিসটা কিন্তু এক না, এটা বিশ্রাম না। অবশ্যই সে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার, এটাতে তো কোন সন্দেহ নেই।’এর পরে কেউ ছুটি চাইলে আগাম জানাতে হবে বলেও জানিয়ে দিয়েছেন পাপন।
তিনি বলেন, ‘আমরা যে জিনিসটা বলে আসছি যে, কেউ যদি খেলতে না চায়, বিশ্রাম চায়, বিরতি চায় এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে হতে হবে। আমরা যে জিনিসটার ওপর জোর দিয়েছি সেটা হলো আগাম জানাতে হবে। হঠাৎ করে একটা সিরিজের আগ মুহূর্তে হলে আমাদের জন্য সমস্যা।’
কিউইদের বিপক্ষে দুটি টেস্ট খেলতে আগামী বৃহস্পতিবার নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ। সেই সফরে ৭ দিনের কোয়ারেন্টাইনের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।


