Logo
Logo
×

খেলাধূলা

শহরে আর্জেন্টিনার পতাকার আদলে সমর্থকের বাড়ি

বিশ্বকাপ এলেই আর্জেন্টিনার পতাকার রঙে বাড়ি রাঙান আফজাল মুন্সি

Icon

মাহফুজ সিহান

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:০০ এএম

বিশ্বকাপ এলেই আর্জেন্টিনার পতাকার রঙে বাড়ি রাঙান আফজাল মুন্সি

বিশ্বকাপ এলেই আর্জেন্টিনার পতাকার রঙে বাড়ি রাঙান আফজাল মুন্সি

Swapno



বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসরে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে নামছে বর্তমান চ্যাম্পিয়ান আর্জেন্টিনা। তবে ম্যাচের আগেই শুরু হয়ে গেছে আর্জেন্টিনা দলের সমর্থক-ভক্তদের উন্মাদনা। আর্জেন্টিনা ফুটবল দলের অন্ধ ভক্ত নারায়ণগঞ্জের আফজাল মুন্সি। পেশায় রঙের ঠিকাদার। ২০১৮, ২০২২ এরপর এবারও ২০২৬ এর বিশ্বকাপে আর্জেন্টিনার পতাকার রঙে বাড়ি সাজিয়েছেন তিনি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের ৯০ গলাচিপা এলাকার একতলা বিশিষ্ট বাড়িটিকে সবাই আর্জেন্টিনার বাড়ি হিসেবেই চেনেন।


একতলা বিশিষ্ট বাড়ির মালিক মো.আউয়াল শেখ। সরেজমিন গিয়ে দেখা যায়, তার মেয়ে জামাতা আফজাল মুন্সি নিজ হাতে আর্জেন্টিনার পতাকার রঙে রাঙাচ্ছেন সম্পূর্ণ বাড়ি। স্ত্রী-সন্তানরাও তার এই কাজে উৎসাহ দিচ্ছেন। আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে নিজেই এবারও প্রিয় ফুটবল দলের দেশের পতাকার আদলে পুরো বাড়ি রাঙাচ্ছেন।


একতলা বাড়ির গেট, সিড়ির গেট, বাড়ির ভেতরের প্রতিটি দেয়াল আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়ে রেখেছেন তিনি। বাড়ির প্রবেশপথে ইংরেজিতে আর্জেন্টিনা লেখা দুটো ব্যানার লাগানো। বাড়ির সামনের ভাড়া দেয়া দোকানও রাঙিয়েছেন আর্জেন্টিনার পতাকার রঙে।


কাজ করতে করতে মো. আজফাল মুন্সি জানালেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনা ফুটবল দলকে ভালোবাসেন। সবসময় খেলা দেখেন আর্জেন্টিনার, বাদ দেন না কখনো। আগে দিয়েগো ম্যারাডোনা ভক্ত ছিলেন, এখন লিওনেল মেসি। তিনি জানান, তাঁর শ্বশুর আউয়াল শেখ, স্ত্রী আঞ্জুমান আক্তার, বড় ছেলে আশরাফুল ইসলাম মুন্না, বড় ছেলে স্ত্রী, ছোট ছেলে মেহেদী মোট ছয়জনের পুরো পরিবার আর্জেন্টিনা দলের ভক্ত।


আর্জেন্টিনার একজন ভক্ত হিসেবে প্রতি বিশ্বকাপে এভাবে বাড়ি সাজান তিনি। আফজাল মুন্সি বলেন, একজন সাপোর্টার হিসেবে যদি এটুুক না করি তাহলে কীভাবে হবে। ব্যানার করেছি, করতে দিয়েছি, ফ্রান্স থেকে প্রজেক্টর আনিয়েছি খেলা দেখার জন্য। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন এবারও আমরা বিশ্বকাপ জিতবো। বাড়ির সামনে প্রজেক্টর লাগিয়ে এলাকার সবাইকে নিয়ে খেলা দেখবো। আর্জেন্টিনার প্রত্যেকটি খেলাতেই আমরা খাবারের আয়োজন করি, অনেক মজা হয়। বিশ্বকাপ এলেই গোটা বাড়িটি আর্জেন্টিনা সমর্থকদের মিলন মেলা পরিণত  হয়।  সম্পূর্ণ বাড়ির রঙ করার কাজ শেষ হবে শুক্রবার জানালেন আফজাল মুন্সি।


তিনি জানান, নিজের পকেটের হাজার ৫০ পঞ্চাশেক টাকা খরচ করেন রঙ করতে। ভালোবাসার দল হওয়ায় রঙমিস্ত্রীর উপর ভরসা করেননা তিনি। গত এক সপ্তাহ সারারাত নিজেই রঙ করছেন ঘরের প্রতিটি কোনে। শ্রমিকদের দেখিয়ে দিচ্ছেন। অন্যকে দিয়ে ভালোবাসার দলের কাজ করালে মনে খুঁতখুঁত থাকবে, তাই এই কাজটি করেন তিনি।


আফজাল মুন্সির স্ত্রী আঞ্জুমান আক্তার জানান, বিশ্বকাজ এলেই মনে হয় আমরাই (আর্জেন্টিনা) জিতবো। আল্লাহ ভরসা। আমার স্বামী নিজেই রঙ করার উদ্যোগ দেন। বাড়ির বাহিরে, ভেতরে প্রিয় দলের পতাকার আদলে শ্রম, অর্থ খরচ করে বাড়ি রাঙান তিনি। ভক্ত বলেই আমরাই এই আয়োজনটা করি। পাড়া-প্রতিবেশীরা সবাই আমাদের উৎসাহ দেয়। এমন হয়েছে এখন গলাচিপার এই বাড়িটিকে ছোট-বড় সবাই আর্জেন্টিনা বাড়ি হিসেবে চেনে। এমনকি কুরিয়ার পার্সেল আসলেও সবাই আর্জেন্টিনা বাড়ির সামনে এমন ঠিকানা দেন।


আফজাল মুন্সির ছোট ছেলে মেহেদী তাঁর অনুভূতিতে জানিয়ে বলেন, বাড়িটি  আর্জেন্টিনার রঙে সাজলে অনেক ভালো লাগে।  

এদিকে বিশ্বকাপ এলেই আর্জেন্টিনার ভক্তদের এই বাড়িটি নতুন উদ্দীপনার সৃষ্টি করেছেন। বিশ্বকাপ এলেই এই বাড়ির সাথে সাথে পুরো এলাকার আর্জেন্টিনা সমর্থকরা তাদের বাড়ি ও ছাদে আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও ফ্যাস্টুন টানিয়েছেন, অপেক্ষা করছেন খেলা দেখার।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন